জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বদিউজ্জামানের কবর জিয়ারত করলেন কাউনিয়া উপজেলা জাতীয় যুবশক্তি-এনসিপি ও জাতীয় ছাত্রশক্তি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় যুবশক্তি-এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শহীদদের স্মরণে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বদিউজ্জামানের কবর জিয়ারত করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ, ত্যাগ ও দেশপ্রেম আগামী প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবে।
দোয়া মাহফিলে আল্লাহ তাআলার কাছে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে দেশবাসীর জন্য তাওফিক কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বলেন, "শ্রদ্ধায়, স্মরণে ও অঙ্গীকারে—জুলাই শহীদরা চির অম্লান।" ভবিষ্যতেও শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার