কাউনিয়ায় ১০০ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুটি চন্দ্রখানা এলাকার হামিদ আলীর ছেলে মোঃ হাসান আলী (২৭) এবং যতিন্দ্রনারায়ন এলাকার হাফিজারের মেয়ে মোছাঃ আলপিনা খাতুন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুই ব্যক্তি রংপুরের দিকে আসছে। পরে অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কাউনিয়া উপজেলার হলদিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেন।
রাত ১২টা ৪০ মিনিটে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের সাইড বক্সের এয়ার ক্লিনারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানার মামলা নং-১৭, তারিখ ৩০ মে ২০২৬। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার