রংপুরের কাউনিয়ায় চুরি হওয়া সেচ পাম্প উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় কৃষি জমির সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আরও এক পলাতক আসামির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের গোপাল এলাকার বাসিন্দা মোঃ আতিকুর রহমান তার আবাদি জমিতে সেচ কাজের জন্য MARQUIS কোম্পানির ৩ হর্স পাওয়ারের একটি পানির পাম্প ব্যবহার করতেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৫০০ টাকা।
গত ৭ মে সন্ধ্যায় জমিতে পানি সেচ দিয়ে রাত সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখতে পান পাম্পটি চুরি হয়ে গেছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে স্থানীয় সূত্রে জানতে পারেন, এলাকার মনির হোসেন, আব্দুল মজিদ ও এনামুল হক ডাকু পেশাদার চোরচক্রের সদস্য। এর ভিত্তিতে ৮ মে রাতে হারাগাছ থানাধীন মেনাজ বাজার এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাহাগীলি এলাকা থেকে আব্দুল মজিদকে আটক করা হয়।
আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হারাগাছ থানাধীন মেনাজ বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে একটি ইলেকট্রনিক্স দোকানের পেছনে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় চুরি হওয়া পানির পাম্পটি উদ্ধার করা হয়।
পরে আটক দুই আসামীকে নিয়ে কাউনিয়া থানাধীন ল্যাংরার বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামীদ্বয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় কাউনিয়া থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার