হেলিকপ্টারে চড়ে বরের গ্রামে এলেন চীন দেশের কনে

হেলিকপ্টারে চড়ে বরের গ্রামে এলেন চীন দেশের কনে

চীনের কনেকে নিয়ে হেলিকপ্টার মাঠে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়ায়

পরিবারের পক্ষ থেকে কাউকে কিছু জানানো হয়নি। তবু হেলিকপ্টারে চড়ে চীন দেশের কনে গ্রামে আসছেন—এ কথা গোপন থাকেনি। জানাজানি হয়ে গেছে আশপাশের গ্রামেও। হেলিকপ্টার ও কনেকে দেখতে গ্রামের মেঠোপথ, মাঠ পেরিয়ে অনেকেই ছুটে আসেন বরের বাড়ির কাছের মাঠে। ভিড় করেন নারী-পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষ। এই প্রথম গ্রামে হেলিকপ্টার আসবে।


আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে চড়ে আসেন চীনের কনে। এ সময় অসংখ্য মানুষ দাঁড়িয়ে হেলিকপ্টার ও কনের আসার মুহূর্তটি দেখেন। বর চীনপ্রবাসী টিকরপাড়ার সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে সুকান্ত সেন এবং কনে চীনের সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হোয়ে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে টিকরপাড়া সেন বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সড়ক ও আশপাশের অলিগলি সাদা ও রঙিন কাপড়ে সাজানো হয়েছে। বাড়ির দক্ষিণ দিকের মাঠে লাল পতাকা টাঙিয়ে হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্যসহ বাড়ির লোকজন মাঠের কাছে ছায়ায় দাঁড়িয়ে হেলিকপ্টারের অপেক্ষা করছেন। বেলা সাড়ে তিনটা বাজার আগেই খোলা মাঠের বিভিন্ন দিক থেকে অনেক মানুষ হেলিকপ্টার অবতরণের স্থানে জড়ো হতে শুরু করেন। সবার চোখ আকাশের দিকে—কখন হেলিকপ্টার আসে। টিকরপাড়ায় এই প্রথম কোনো হেলিকপ্টার আসছে। এই প্রথম ভিনদেশি কোনো কনে আসছেন।


পাশের গ্রাম চাটিগাঁও থেকে এসেছেন সুপ্রভা দে (৭৫)। তিনি প্রথম আলোকে বলেন, ‘এর আগে আর হেলিকপ্টার–বিমান দেখছি না। এলাকায় এ রকম ঘটনা এর আগে আর ঘটছে না।’ একই গ্রামের বাসিন্দা শর্মি ধর বলেন, ‘দূরদেশ থেকে বউ আসছে। দেখতে আসছি। এই প্রথম এ রকম বিয়ে দেখছি। অনেক ভালো লাগছে।’

বিকেল চারটার দিকে খড়কুটো ও ধুলা উড়িয়ে কনে নিয়ে মাঠে অবতরণ করে হেলিকপ্টার। কনে, কনের মা ও বর হেলিকপ্টার থেকে নেমে আসেন। বাড়ির লোকজন তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর কনেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রদীপের আলো জ্বালিয়ে বর-বধূকে ঘরে প্রবেশ করানো হয়। এ সময় বাড়িতে আত্মীয়স্বজন, প্রতিবেশীরা ভিড় করেন।


সুকান্ত সেন (বর) ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সুকান্ত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষে প্রায় আট বছর আগে চীনে চলে যান। এরপর সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটি থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নেন। কিছুদিন চাকরি শেষে আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন।


সুকান্ত সেন জানান, তিনি ও ক্রিস হোয়ে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিয়ে করেছেন। ব্যবসার সূত্রে পরিচয়ের পর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর পরিবারের কাছে প্রস্তাব করা হয়। দুই পরিবারই তাঁদের সম্পর্কে সম্মতি দেয়। ক্রিস হোয়ে স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন। এরপর ক্রিস হোয়ের আগ্রহ ও সম্মতিতে হিন্দুধর্মীয় রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই বিয়ের আয়োজন। আগামীকাল শুক্রবার ক্রিস হোয়ের বাবা ও চাচা আসবেন। সুকান্ত সেন সপ্তাহ দুয়েক আগে দেশে এসেছেন। তিনি ঢাকায় গিয়ে আজ বৃহস্পতিবার ক্রিস হোয়ে ও তাঁর মাকে অভ্যর্থনা জানিয়ে হেলিকপ্টারে করে গ্রামে নিয়ে এসেছেন।


সুকান্ত সেন বলেন, ‘আমার দেশের বাইরে বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না। কেউ হয়তো আমাদের সংযোগ ঘটিয়ে দিয়েছে। আমি তিন বছরের বেশি সময় ধরে তাঁকে জানি। সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, সে–ও খুশি।’


ক্রিস হোয়ে বলেন, ‘আমার দ্বিতীয়বার বাংলাদেশে আসা। সবাই বন্ধুভাবাপন্ন। সবাই উষ্ণ অভ্যর্থনা দিয়েছে। হেলিকপ্টারে আসাটা ব্যতিক্রমী। আমার জন্য খুবই উপভোগ্য হয়েছে।’


বরের পরিবার জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি গায়েহলুদ, ২২ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা ও ২৪ ফেব্রুয়ারি বৌভাতের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও গ্রামবাসীকে নিমন্ত্রণ করা হয়েছে।

সুকান্ত সেনের বোন ঐশী সেন চীনের সাংহাই মেরিটাইমস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তিনি বলেন, ‘সে (ক্রিস হোয়ে) খুবই আন্তরিক। অল্প সময়ে আমাদের খুবই আপন করে নিয়েছে। সে নিজেই চাইছিল এ রকম প্রথামতো বিয়ে হোক।’


বরের জ্যাঠাতো ভাই আশিস কুমার সেন বলেন, ‘এই বিয়েতে আমরা খুশি। আমরা সব সময় যার যার ইচ্ছাকে প্রাধান্য দিই। যে যার সঙ্গে ইচ্ছা সংসার করে ভালো থাকবে, সে রকমই হওয়া উচিত।’


ঘটনাস্থলে উপস্থিত কামারচাক ইউনিয়নের শিক্ষক ও কবি জয়নাল আবেদীন (শিবু) প্রথম আলোকে বলেন, দুই সংস্কৃতির মানুষের এই সম্পর্ক ভালোই। সংস্কৃতির আদান-প্রদান হবে।


কনেকে নামিয়ে দিয়ে হেলিকপ্টার চলে গেছে। মাঠে যাঁরা হেলিকপ্টার দেখতে এসেছিলেন, তাঁদের অনেকে চলে গেছেন। তবে বাড়িতে তখনো ভিড় জমে আছে। পরিবারের পক্ষ থেকে উপস্থিত লোকজনকে মিষ্টিমুখ করানো হয়েছে। বাড়ির বউ হয়ে আসা ভিনদেশের ক্রিস হোয়েও ততক্ষণে সেন বাড়ির একজন হয়ে উঠেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার